শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ শ্রম কোড বাতিল ও জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আগামীকাল আন্দোলনের ডাক দিল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান সংগঠনের নেতৃত্ব।
সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ৪৪টি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করেছে, যার ফলে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাঁদের দাবি, এই শ্রম কোডের মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যূনতম মজুরি, কাজের সময় ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার দুর্বল করা হয়েছে। শ্রমিক স্বার্থের বিরুদ্ধে এই নীতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে বলেও জানান সংগঠনের প্রতিনিধিরা।
অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে আরও দাবি করা হয়, জীবনদায়ী ও অত্যাবশ্যক ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ সম্পূর্ণ অমানবিক। এই করের ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে এবং দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। সংগঠনের দাবি, অবিলম্বে ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে।
এছাড়াও সেলস রিপ্রেজেন্টেটিভ ও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের জন্য ন্যূনতম মজুরি আইন কার্যকর করার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। সংগঠনের মতে, বহু ক্ষেত্রে সেলস কর্মীরা নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থার অবসান ঘটাতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান, শ্রমিক স্বার্থে প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও জানানো হয়।





