খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ আজ, শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। ভোটাররা অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই নিজেদের নাম যাচাই করতে পারবেন। তবে আপাতত বুথে তালিকা টাঙানো হচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
অনলাইনে তালিকা দেখা যাবে কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে। এছাড়াও voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in পোর্টালেও নাম খোঁজা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ড নম্বর) দিলেই জানা যাবে তালিকায় নামের বর্তমান অবস্থান। এপিক নম্বর না থাকলে রেজিস্টার্ড ফোন নম্বর দিয়েও সার্চ করা সম্ভব।
জেলার ডিইও (জেলা নির্বাচনি আধিকারিক) দপ্তরের ওয়েবসাইট থেকেও একইভাবে নাম দেখা যাবে। অফলাইনে তালিকা দেখতে চাইলে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিও দপ্তরে যেতে হবে। কলকাতার ক্ষেত্রে দুই ডিইও দপ্তরে তালিকা পাওয়া যাবে। বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের কাছেও থাকবে তালিকার হার্ড কপি।
যদি নাম যাচাই সম্পূর্ণ হয়ে থাকে, তবে তালিকায় স্বাভাবিকভাবেই নাম থাকবে। বিচারাধীন থাকলে নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। আর নাম মুছে গেলে সেখানে ‘ডিলিটেড’ চিহ্নিত থাকবে।
কমিশনের নথিভুক্ত আটটি রাজনৈতিক দলকেও পেন ড্রাইভে তালিকা সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। ভোটারদের উদ্দেশে কমিশনের বার্তা নিজের নাম ও তথ্য অবশ্যই যাচাই করে নিন।





