শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করল ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডি ওয়াই এফ আই)। এদিন বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে এসে জমায়েত হয়। মিছিল চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ তুলে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
ডি ওয়াই এফ আই নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার যুবসমাজকে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। সংগঠনের জেলা সম্পাদক সাগর শর্মা বলেন, “যেখানে নিয়োগ হচ্ছে, সেখানেই দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, আর অযোগ্যরা সুযোগ পাচ্ছেন।” অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার বারবার কর্মসংস্থানের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। নিয়োগের নামে দুর্নীতি চলছে এবং পরিকল্পিতভাবে যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ডি ওয়াই এফ আই-এর। তাঁদের আরও দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে।
ডি ওয়াই এফ আই নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দ্রুত যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয় এবং দাবিগুলি মানা না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামবে সংগঠন।ঘেরাও কর্মসূচিকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিলিগুড়ি মহকুমা পরিষদ চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালায় প্রশাসন।





