খবরিয়া ২৪ ডেস্ক, ৯ জানুয়ারিঃ আই-প্যাক কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী শেক্সপিয়র সরণি থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিআরপিএফ-এর অজ্ঞাতপরিচয় জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। উল্লেখ্য, এই থানার আওতাতেই লাউডন স্ট্রিটে অবস্থিত আই-প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কয়লা পাচার সংক্রান্ত মামলার প্রেক্ষিতে তল্লাশি চালায় ইডি।
তল্লাশি চলাকালীন বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, ইডি তৃণমূল কংগ্রেসের গোপন নথি, প্রার্থীতালিকা ও রাজনৈতিক কৌশল সংক্রান্ত কাগজপত্র নিয়ে যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। সূত্রের দাবি, অভিযোগপত্রে নথি চুরি এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর ধারার উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক মহলে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।
যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে ইডি নতুন করে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে তল্লাশির সময় কেন্দ্রীয় সংস্থার তরফে পাল্টা দাবি করা হয়েছিল, সাংবিধানিক পদ ও ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী ও রাজ্যের সরকারি আধিকারিকরাই গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে গিয়েছেন। তবে সেই সময় মুখ্যমন্ত্রীকে কেন আটকানো হয়নি, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেনি ইডি।
এর মধ্যেই ইডির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ইডি অভিযানের প্রতিবাদে রাজ্যে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিল্লিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভে বসেছেন তৃণমূল সাংসদরা। অমিত শাহের দফতরের বাইরে ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কীর্তি আজাদ-সহ একাধিক সাংসদ ধর্নায় বসে পোস্টার তুলে ধরেন, যেখানে লেখা-‘অমিত শাহ + ইডি বনাম বাংলার মানুষ’।
অন্যদিকে, তৃণমূলের এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, একজন মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন, তা গোটা দেশ দেখেছে। তাঁর দাবি, দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল, আর সেই কারণেই এই নাটক। ইডি-কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।





