খবরিয়া ২৪ ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে চরম উত্তাপ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রত্যয়ের সুর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, “দুর্নীতিগ্রস্ত” তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি। অমিত শাহের এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি ও তোষণনীতিতে মানুষ অতিষ্ঠ। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের শাসনে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই একমাত্র বিকল্প এবং বিপুল জনসমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন।
অমিত শাহের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া আসে তৃণমূল কংগ্রেসের তরফে। বাঁকুড়ার এক জনসভা থেকে পালটা হুঙ্কার দেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন।” মমতার কটাক্ষ, আগে বিজেপি বলত ‘আব কি বার ২০০ পার’, এবার সেই স্লোগানও শোনা যাচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি যদি মনে করে তারা বাংলায় দুই-তৃতীয়াংশ ভোটে জিতবে, তবে মানুষই তার জবাব দেবে। তাঁর দাবি, গণতান্ত্রিকভাবেই বিজেপিকে পরাজিত করে আবার বাংলার ক্ষমতায় ফিরবে তৃণমূল। একই সঙ্গে তিনি বলেন, “এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।”
এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে আরও তীব্র হয়েছে সংঘাত। একদিকে বিজেপির বাংলা জয়ের দাবি, অন্যদিকে তৃণমূলের আক্রমণাত্মক পালটা সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও ধারালো হচ্ছে, তা স্পষ্ট।





