বাংলাদেশ, ৬ আগস্ট: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে উত্তেজনার আবহে হামলার অভিযোগ উঠল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে। বুধবার রাতে মাগুরার কেশাম্বর এলাকায় অবস্থিত শাকিবের বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া, ইট-পাথর নিক্ষেপ এবং ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার দেশত্যাগের দুই বছর পূর্তিতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন শাকিব আল হাসান। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই তাঁর পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সময় রাত প্রায় পৌনে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ে এবং দরজা-জানলায় ভাঙচুর চালায় বলে স্থানীয় সূত্রের দাবি। সমাজমাধ্যমে ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
হামলার পর আওয়ামী লিগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার না করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। একই সঙ্গে শাকিবের বাড়িতে হামলার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেছে দলটি। তাদের বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লিগের সমর্থক ও নেতাদের উপর এখনও চাপ এবং ভয়ের পরিবেশ বজায় রয়েছে।
যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। হামলার ঘটনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও প্রাণহানির খবর নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাকিবের বাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে মাগুরা-১ কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাকিব আল হাসান। পরে রাজনৈতিক পালাবদলের পর তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলার অভিযোগ ওঠে। সেই থেকে তিনি দেশে ফিরতে পারেননি। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছাও অপূর্ণ থেকে যায়।
এবার তাঁর পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ নতুন করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।





