কোচবিহার, ২৪ ডিসেম্বর: বেআইনিভাবে আটক রাখা টিয়াপাখি উদ্ধারে বড় সাফল্য পেল কোচবিহার বনদফতর। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠন HEAL-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে কোচবিহার শহরের একাধিক এলাকা থেকে দেশি টিয়া উদ্ধার করেন। মান্টু দাসগুপ্ত পল্লী, উত্তর খাগড়াবাড়ি নামাপাড়া, রাজারহাট যাত্রাপুর, শান্তিনগর কলোনি এবং কামেশ্বরী রোড সংলগ্ন এলাকার কয়েকটি বাড়িতে একযোগে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন মোট দশটি Rose Ringed Parakeet বা দেশি টিয়া বাজেয়াপ্ত করা হয়। বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিগুলি বেআইনিভাবে খাঁচাবন্দি করে রাখা হয়েছিল। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী Rose Ringed Parakeet বা দেশি টিয়া তফসিল দুই (সিডিউল টু)-এর অন্তর্ভুক্ত। ফলে এই পাখি ধরা, বন্দি করে রাখা বা বাণিজ্য করা আইনত দণ্ডনীয় অপরাধ।
উদ্ধার হওয়া টিয়াপাখিগুলিকে প্রথমে বনদফতরের তত্ত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর তাদের সম্পূর্ণ সুস্থ হলে প্রাকৃতিক ও স্বাভাবিক বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা। অভিযানের সময় বনকর্মীদের পাশাপাশি HEAL-এর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বনদফতর ও HEAL-এর পক্ষ থেকে সাধারণ মানুষকে বন্যপ্রাণ সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বেআইনিভাবে পাখি বা বন্যপ্রাণী বন্দি করা থেকে বিরত থাকতে এবং এ ধরনের তথ্য থাকলে বনদফতরকে জানানোর অনুরোধ করা হয়েছে।





