জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বরঃ মোগলকাটা চা বাগান অবিলম্বে খোলার দাবিতে বানারহাট বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা। গত ১৩ ডিসেম্বর মোগলকাটা চা বাগানের মালিকপক্ষ কোনো রকম নোটিশ না দিয়েই বাগান ছেড়ে পালিয়ে যায়।এর ফলে বাগানের প্রায় ১,০৭৫ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
বাগান দ্রুত খোলার দাবিতে মঙ্গলবার সকালে মোগলকাটা চা বাগান থেকে প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে শতাধিক চা শ্রমিক বানারহাট বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভে সামিল হন।বিক্ষোভকারীদের হাতে ছিল ভারতীয় জাতীয় পতাকা, সিপিএম ও বিজেপির দলীয় পতাকা। শ্রমিকদের স্পষ্ট দাবি, অবিলম্বে মোগলকাটা চা বাগান খুলে দিতে হবে। দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
পাশাপাশি দাবি পূরণ না হলে বানারহাটের এআরপি মোড় অবরুদ্ধ করারও হুমকি দেন তারা।এদিকে,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বানারহাট বিডিও অফিস চত্বরে বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।





