শিলিগুড়ি, ৬ মার্চঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র ধরনা কর্মসূচিকে ঘিরে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখন ধরনা দেওয়ার “প্র্যাকটিস” করছেন। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রী হয়ে ধরনায় বসতে হবে।
সুকান্ত মজুমদার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর কথায়, “আগামীতে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের ভূমিকায় বসে আন্দোলন করতে হবে।”
এদিন তিনি রাজ্যপাল সিভি আনন্দ বস-এর পদত্যাগ নিয়েও মন্তব্য করেন। সুকান্তের দাবি, অসুস্থতার কারণেই রাজ্যপাল পদত্যাগ করেছেন এবং সাময়িকভাবে নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে আলাদা করে জানানো বাধ্যতামূলক নয়।
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই ইস্যুতে নতুন করে বাকযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





