দক্ষিণ ২৪ পরগনা, ৫ মেঃ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের রাতেই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ক্যানিংয়ে। মঠেরদিঘি ব্লক হাসপাতালে একটি সুটকেস থেকে বিপুল পরিমাণ সোনার গয়না, নগদ অর্থ এবং একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সুটকেসের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডও পাওয়া গিয়েছে। কীভাবে এত গুরুত্বপূর্ণ নথি ও বিপুল সম্পদ হাসপাতালের মতো জায়গায় এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সহের আলি মীর নামে এক তৃণমূল নেতার নাম। অভিযোগ, তিনিই সুটকেসভর্তি ওই সামগ্রী হাসপাতালে পাঠিয়েছিলেন।
জানা গিয়েছে, হাসপাতালের এক চিকিৎসক শাহরুখ খানের কাছে সুটকেসটি রাখার জন্য পাঠানো হয়েছিল। কেন এই ব্যবস্থা নেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। টাকা ও গয়না লুটের আশঙ্কায় কি নিরাপদ জায়গা ভেবে হাসপাতালে পাঠানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে হামলা ও অশান্তির অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে ক্যানিংয়ের এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
পুলিশ জানিয়েছে, তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা।





