আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বাংলায় পাথরবাজি চলবে না”, পার্ক সার্কাস কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on: May 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ মে: পার্ক সার্কাস কাণ্ডের পর কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় কোনওভাবেই পাথরবাজি বা পুলিশের উপর হামলা বরদাস্ত করা হবে না।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, বাংলাতেও বন্ধ হবে। যদি কেউ মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে ভুল করছেন। কেউ পাথর হাতে তুলে নেবেন না। এটাই শেষ সতর্কবার্তা।”

প্রসঙ্গত, রবিবার পার্ক সার্কাস এলাকায় বুলডোজার অভিযান-সহ একাধিক সরকারি পদক্ষেপের বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, সেই বিক্ষোভ চলাকালীন একদল বিক্ষোভকারী পুলিশের উপর ইট-পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় অন্তত তিনজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার পর সোমবার সকালে কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আহত আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। এরপরই সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, “এই ঘটনা পূর্বপরিকল্পিত। ঘটনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও ছড়ানো হয়েছিল। ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, আরও অনেকে গ্রেপ্তার হবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই ধরনের গুণ্ডামি, গা জোয়ারি, ভাঙচুর, দেশবিরোধী ও সমাজবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশের গায়ে হাত পড়লে সরকার আইন অনুযায়ী যতদূর যাওয়ার প্রয়োজন, ততদূর যাবে।”

পুলিশ প্রশাসনের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “কোন দল, কোন সম্প্রদায় বা কার প্রভাব রয়েছে, তা না ভেবে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। সরকার আপনাদের পাশে আছে।”
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই বার্তাই আরও স্পষ্ট হয়েছে। বিজেপির দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় সমাজবিরোধী কার্যকলাপ চলেছে, এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে।

অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ, প্রশাসন কড়া পদক্ষেপের নামে বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা করছে। যদিও সরকার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এদিকে পার্ক সার্কাস এলাকায় এখনও কড়া পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment