কলকাতা, ১৯ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে নতুন বিজেপি সরকার। এবার দীর্ঘ বিরতির পর ফের ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’-তে রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ডিভিসির বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বর্ষাকালে জল ছাড়াকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হলে তিনি ডিভিসির বিরুদ্ধে “ম্যান মেড বন্যা”-র অভিযোগ তুলতেন। অভিযোগ ছিল, আগাম কোনও সতর্কতা ছাড়াই জল ছেড়ে দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
এই পরিস্থিতিতেই প্রায় দু’বছর আগে ডিভিসির রিভার রেগুলেশনস কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। তবে সরকার বদলের পর এবার সেই অবস্থান থেকে সরে এসে ফের সমন্বয়ের পথে হাঁটছে নতুন প্রশাসন।
সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই ভবিষ্যতে জল ছাড়ার ক্ষেত্রে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়। প্রশাসনিক সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এবার থেকে ডিভিসি আগাম তথ্য দিয়ে এবং রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়বে।
এছাড়াও বিদ্যুৎ দপ্তর ও সেচ দপ্তরের প্রতিনিধিদের ডিভিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সরকারের লক্ষ্য, বর্ষাকালে যাতে অপ্রয়োজনীয় জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি না হয় এবং আগাম প্রস্তুতি নেওয়া যায়।
এদিকে বর্ষার আগে পুরসভাগুলোকেও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “সামনেই বর্ষাকাল। তাই নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখা এবং আবর্জনা অপসারণের কাজ দ্রুত শুরু করতে হবে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতের সংঘাত ভুলে প্রশাসনিক সমন্বয়ের উপর জোর দেওয়াই এখন নতুন সরকারের প্রধান লক্ষ্য। বিশেষ করে বর্ষার আগে ডিভিসির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।





