আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর শুনানিতে তারকা-সুলভ আচরণ! সৌমিতৃষাকে ঘিরে ছোট জাগুলিয়া আইটিআই কলেজে চরম বিশৃঙ্খলা

Published on: January 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জানুয়ারিঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) শুনানিতে হাজির হয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। বুধবার উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়া আইটিআই কলেজে আয়োজিত এসআইআর শুনানি কেন্দ্রে তাঁকে ঘিরে তৈরি হয় চরম নাটকীয় পরিস্থিতি। শুনানির নোটিস পাওয়ার পর থেকেই বিরক্তি প্রকাশ করছিলেন অভিনেত্রী, আর এদিন সেই অসন্তোষ প্রকাশ্যে চলে আসে বলেই অভিযোগ।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের নথিতে সৌমিতৃষার বাবার নাম ভুল থাকায় সংশোধনের জন্য তিনি শুনানিতে হাজির হন। কিন্তু অভিযোগ, সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়াতে নারাজ ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুনানি কেন্দ্রে পৌঁছেই বাইরে অপেক্ষমান ভিড় উপেক্ষা করে সোজা শুনানি কক্ষে ঢুকে পড়েন সৌমিতৃষা। তারকা উপস্থিতি দেখে এআরও নিতাইচন্দ্র বিশ্বাস নিজের চেয়ার ছেড়ে দেন বলেও অভিযোগ ওঠে। সেই চেয়ারেই বসে নথিতে স্বাক্ষরের কাজ চলতে থাকে।

ঘটনায় মোড় নেয় যখন বারাসত ১ নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী সেখানে পৌঁছে হস্তক্ষেপ করেন। তিনি স্পষ্টভাবে অভিনেত্রীকে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেন। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুনানি কক্ষ ছেড়ে বেরিয়ে সৌমিতৃষা বিডিও অফিস চত্বরে যান এবং বারাসত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি ও সহ-সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলের কাছে ক্ষোভ উগরে দেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও উত্তেজিত হয়ে পড়েন বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় এসআইআর শুনানি কেন্দ্র কার্যত অশান্ত হয়ে ওঠে। যদিও পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনাই অস্বীকার করেন সৌমিতৃষা এবং কোনো মন্তব্য করতে চাননি। তবে ততক্ষণে ঘটনার একাধিক ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment