খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ঘিরে গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। বিশেষ করে ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বারবার শিরোনামে এসেছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এবং বিয়ের অনুষ্ঠান হতে পারে রাজস্থানের উদয়পুরে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শ্রদ্ধা নিজে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার বিয়ে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, নায়িকা নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন এবং উদয়পুরেই বসবে তাঁর বিয়ের আসর। এই পোস্টেই হঠাৎ নজর কাড়ে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরের মন্তব্য। তিনি লেখেন, “এটা আমার জন্যও বড় খবর।” মন্তব্যের সঙ্গে একাধিক মজার ইমোজি যোগ করেন তিনি। সিদ্ধান্তের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা তবে কি তিনি ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতেই গুঞ্জনকে উসকে দিলেন?
প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীর সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে ২০২৪ সালে। সেই সময় তাঁদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। যদিও তাঁরা কেউই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে শ্রদ্ধা মাঝে মাঝেই রাহুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট শেয়ার করেন, যা জল্পনাকে আরও উসকে দেয়।
কাজের দিক থেকে বলতে গেলে, শ্রদ্ধাকে শেষবার দেখা গিয়েছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’-এ। এই ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। এরপর শোনা যাচ্ছে, তাঁকে আগামী দিনে ‘ইঠা’ ছবিতে দেখা যেতে পারে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও ‘নাগিন’ সিরিজে শ্রদ্ধার অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
উল্লেখ্য, রাহুল মোদীর আগে শ্রদ্ধার নাম জড়িয়েছিল সেলিব্রিটি ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে। যদিও সেই সম্পর্ক নিয়েও কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি। সব মিলিয়ে, শ্রদ্ধার বিয়ে নিয়ে রহস্য এখনও কাটেনি, তবে ভাইয়ের মন্তব্যে সেই জল্পনা যে আরও তীব্র হল, তা বলাই যায়।





