কলকাতা, ৮ জানুয়ারিঃ আইপ্যাকের শীর্ষকর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের উপস্থিতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন হাতে একটি সবুজ ফাইল নিয়ে। সেই একটি ফাইলকেই ঘিরে বৃহস্পতিবার থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। নিশ্চিত তথ্য কম হলেও অভিযোগ-পাল্টা অভিযোগ, রাজনৈতিক ব্যাখ্যা ও বিরোধীদের দাবিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
বৃহস্পতিবার সকালে সল্টলেকে আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প সময়ের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন, হাতে ধরা একটি সবুজ ফাইল।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে দাবি করেন, ওই ফাইলের মধ্যে তৃণমূল কংগ্রেসের গোপন নির্বাচনী নথি রয়েছে। তাঁর অভিযোগ, ইডি দলের হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, ভোটের কৌশল ও পরিকল্পনা বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে। মমতার কথায়, “আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, কৌশল নিতে ইডি এসেছে। এটা কি ইডির কাজ? নাকি অমিত শাহের কাজ?” তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাজনৈতিকভাবে লড়াই করার সাহস না থাকায় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে এই তল্লাশি হওয়ায় রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সবুজ ফাইলে হয়তো তৃণমূলের প্রাথমিক প্রার্থী তালিকা বা নির্বাচনী স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রামাণ্য তথ্য সামনে আসেনি। তবে আইপ্যাক যেহেতু সাধারণ কোনও কনসালট্যান্ট সংস্থা নয়, তারা বুথ স্তরের রিপোর্ট, ভোটার সেগমেন্টেশন, প্রচারের কনটেন্ট ও ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, তাই এই সময়ে তাদের কাছে থাকা তথ্যকে ‘ডেটা গোল্ড’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, দলের গোপন নথি বেসরকারি সংস্থার কাছে কীভাবে থাকে। তিনি মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়াকে অনৈতিক ও অসাংবিধানিক বলে আক্রমণ করে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
সব মিলিয়ে, সবুজ ফাইলের ভিতরে কী ছিল, তা এখনও অজানা। হয়তো কোনও দিন জানা যাবেও না। কিন্তু রাজনীতিতে তথ্যের থেকেও ধারণা অনেক সময় বেশি শক্তিশালী আর সেই ধারণাই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে এই রহস্যময় সবুজ ফাইলকে।





