কোচবিহার, ১৯ মেঃ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এবার কোচবিহারের ধর্মসভায় উপস্থিত হতে দেখা গেল রথীন্দ্র বোস-কে। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা বর্তমান স্পিকার হিসেবে তাঁর এই উপস্থিতিকে ঘিরে উৎসাহ দেখা যায় ধর্মসভার সদস্যদের মধ্যে।
এদিন কোচবিহার ধর্মসভায় পৌঁছনোর পর ধর্মসভার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে সম্মানিত করা হয় বলে জানা গিয়েছে। পরে ধর্মসভার অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতেও দেখা যায় তাঁকে।
ধর্মসভার সদস্যদের বক্তব্য, উত্তরবঙ্গ থেকে এই প্রথম কোনও স্পিকারকে এত কাছ থেকে পাওয়ায় তাঁরা অত্যন্ত খুশি। তাঁদের মতে, রথীন্দ্র বোসের এই উপস্থিতি ধর্মসভাকে নতুন মর্যাদা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষ তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।
এদিন রথীন্দ্র বোস বলেন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলি সমাজের ঐক্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ধর্মসভার কাজের প্রশংসাও করেন। পাশাপাশি ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান ঘিরে ধর্মসভা প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ধর্মসভার সদস্যরা স্পিকারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি যে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সময় দিচ্ছেন, তা নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে এলাকার মানুষের মধ্যে।





