শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ ভোটের প্রাক্কালে শিলিগুড়ি শহরে “এসআইআর” ইস্যুকে ঘিরে টাঙানো পোস্টার নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। এর আগে একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনের আগে “নো ভোট টু বিজেপি” প্রচার ঘিরে যেমন শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তেমনই এবারও আপাত অরাজনৈতিক প্রচারের নেপথ্যে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত খুঁজছে বিভিন্ন মহল।
অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর জেরে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেই বিষয়টিকেই সামনে রেখে শহরের একাধিক এলাকায় পোস্টার টাঙানো হয়েছে। বিশেষ করে বাঙালি অধ্যুষিত ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন প্রান্তে এই পোস্টার ইতিমধ্যেই নজরে এসেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই শহরের সবকটি ৪৭টি ওয়ার্ডেই এই প্রচার ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পোস্টারগুলিতে শহরের একাধিক পরিচিত মুখের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপজ্যোতি চক্রবর্তী, সূতপা সাহা, ঝুলন সরকার, অরুময় চক্রবর্তী, অর্জুন দাস বাউল, মৌসুমী দে এবং উজ্জ্বল ঘোষ। যদিও সংশ্লিষ্ট প্রত্যেকেই সরাসরি কোনও রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন।
দীপজ্যোতি চক্রবর্তী জানান, তাঁরা কোনও রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করছেন না, বরং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি নিয়েই তাঁদের উদ্বেগ। অন্যদিকে উজ্জ্বল ঘোষও বলেন, নাগরিক দায়িত্ববোধ থেকেই এই বিষয়টি সামনে আনা হয়েছে।
তবে ভোটের মুখে এভাবে সংগঠিত প্রচার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছেই। আপাতভাবে অরাজনৈতিক এই উদ্যোগের আড়ালে কোনও কৌশল কাজ করছে কি না, তা নিয়েই এখন জোর চর্চা চলছে।





