কোচবিহার, ২৮ ফেব্রুয়ারিঃ প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআর চূড়ান্ত খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশের আগেই কারা থাকবেন, কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে জোর জল্পনা চলছিল। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এদিন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটি কার্যত স্টেটাস-ভিত্তিক একটি চূড়ান্ত খসড়া সবদিক থেকে এখনও সম্পূর্ণ ফাইনাল নয়। তালিকায় তিনটি পৃথক ক্যাটেগরি রাখা হয়েছে, যা থেকেই নির্ধারিত হবে সংশ্লিষ্ট ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয়েছে কি না।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় কোচবিহার জেলায় মোট ভোটার ছিলেন ২৪ লক্ষ ৯৯ হাজার ৭৬৩ জন। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত মিলিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৩৭০ জনের নাম বাদ যায়। পাশাপাশি ৪ লক্ষ ২৬ হাজার ৪৭ জন ভোটারকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়।
এদিন প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৭৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৩২ হাজার ৪৮২ জন, মহিলা ভোটার ১১ লক্ষ ৪৫ হাজার ৪৬৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত আরও ৮ হাজার ৪২৬ জনের নাম বাদ গিয়েছে বলে জানা গেছে।জেলায় মোট ভোটার বাদ গিয়েছে ১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন
অন্যদিকে, জেলায় প্রায় ২ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম এখনও বিচারাধীন রয়েছে। তাঁদের বিষয়ে শুনানি ও যাচাই প্রক্রিয়া চলবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে বৈধ ভোটারদের নাম সংরক্ষণ করা হবে। ফলে চূড়ান্ত তালিকা ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও তৎপরতা আরও বেড়েছে।





