খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ সৌদি আরবের জেদ্দায় কর্মরত রায়গঞ্জের বাসিন্দা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনিবার শেষবার ফোনে কথা হয় পরিবারের। তারপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ২ মার্চ দেশে ফেরার কথা থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পরিবার।
রায়গঞ্জ-এর বীরনগরের বাসিন্দা শুভজিৎ প্রায় ১১ মাস আগে খড়্গপুর থেকে কর্মসূত্রে সৌদি আরবে পাড়ি দেন। তাঁর শাশুড়ি কল্পিতা মজুমদার স্থানীয় ওয়ার্ডের কো-অর্ডিনেটর। পরিবারের দাবি, ২ মার্চের বিমানের টিকিট কাটা থাকলেও সৌদি আরব থেকে ভারতে আসা এয়ার ইন্ডিয়া-র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
শুভজিতের স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার শেষবার কথা হয় তাঁর স্বামীর সঙ্গে। সেই সময় শুভজিৎ জানিয়েছিলেন, পাশের স্টেটে হামলার ঘটনা ঘটেছে এবং রেড অ্যালার্ট জারি হয়েছে। সৌদি প্রশাসনের তরফে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। তারপর থেকেই আর কোনও যোগাযোগ হয়নি। দুই ছোট সন্তান বাবার ফেরার অপেক্ষায় রয়েছে বলে জানান মৌমিতা।
পরিবারের উদ্বেগের পেছনে রয়েছে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা। শনিবার আয়াতোল্লা আলি খামেনেই-এর একাধিক প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে আমেরিকা ও ইজরায়েল-এর বিরুদ্ধে। পাল্টা ইরানের তরফে সৌদি আরব, দুবাই ও কাতারের একাধিক জায়গায় হামলার খবর মিলেছে। সংঘর্ষের জেরে পশ্চিম এশিয়ার একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে শুভজিতের পরিবারের একটাই প্রার্থনা তিনি যেন দ্রুত নিরাপদে দেশে ফিরতে পারেন। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বার্তা না মিললেও পরিবার আশায় রয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।





