শিলিগুড়ি, ১ আগস্টঃ দীর্ঘ ১৫ বছর পর শুরু হল দেশের জনগণনা। তবে এবার পদ্ধতিতে বড় বদল। সরকারি কর্মীদের অপেক্ষায় না থেকে নাগরিকরাই অনলাইনে নিজেদের তথ্য আপলোড করতে পারবেন। প্রশাসনের ভাষায়, এ যেন ‘স্বগণনা’র নতুন অধ্যায়।
শনিবার জনগণনার প্রথম দিনেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ি থেকে শুরু হল শিলিগুড়ি পুরসভার জনগণনা প্রক্রিয়া। সরকারি আধিকারিকদের উপস্থিতিতে নিজের মোবাইল ফোনেই জনগণনার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকেও একই পথে অংশগ্রহণের আহ্বান জানান।
শঙ্কর ঘোষ বলেন, অনলাইন পদ্ধতিটি অত্যন্ত সহজ ও ব্যবহারবান্ধব। কয়েকটি ধাপ অনুসরণ করলেই নাগরিকেরা নিজেরাই তথ্য জমা দিতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনই সরকারি কর্মীদের কাজও অনেক সহজ হবে। তাঁর আবেদন, প্রত্যেকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে জনগণনাকে সফল করে তুলুন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত নাগরিকেরা অনলাইনে নিজেদের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। এরপর প্রয়োজনীয় ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করবেন গণনাকারীরা।
২০১১ সালের পর এই প্রথম দেশজুড়ে শুরু হয়েছে জনগণনা। জনসংখ্যার পাশাপাশি পরিবার, শিক্ষা, বাসস্থান ও আর্থ-সামাজিক বিভিন্ন তথ্য সংগ্রহে এই সমীক্ষা সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। প্রথম দিনেই জনপ্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শিলিগুড়িতে সাধারণ মানুষের মধ্যে অনলাইন জনগণনা নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।





