শিলিগুড়ি, ১০ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। মঙ্গলবার শিলিগুড়ির হাসমি চকের সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একের পর এক তোপ দাগলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন পরিবর্তন যাত্রার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এবং এই রাজনীতিকে সমর্থনও করি না।”
শুধু তাই নয়, কয়েকদিন আগে রাষ্ট্রপতির প্রতি রাজ্য সরকারের আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। শঙ্কর ঘোষের দাবি, রাষ্ট্রপতিকে যেভাবে অসহযোগিতা করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। তিনি বলেন, “রাষ্ট্রপতিকে যেভাবে অসম্মান করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ির বুকেই একটি বিশাল সভার আয়োজন করে রাষ্ট্রপতিকে যথাযথ সম্মান জানানো হবে।”
মঙ্গলবার বিজেপির পরিবর্তন যাত্রা শিলিগুড়ির দু’মাইল সংলগ্ন খাটু শ্যাম মন্দির থেকে শুরু হয়। সেখান থেকে মিছিলটি পানি ট্যাংকির মোড়, হাসমি চক, জংশন এলাকা এবং খাপরাইল মোড় হয়ে মাটিগাড়া–নকশালবাড়ি বিধানসভা এলাকায় প্রবেশ করার কথা রয়েছে। পথে পথে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এবং যাত্রাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের বার্তা বহন করছে। তাঁদের মতে, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং এই যাত্রা সেই পরিবর্তনেরই সূচনা করবে।
অন্যদিকে, বিজেপির এই কর্মসূচি এবং অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে।





