শিলিগুড়ি, ৫ জানুয়ারি: সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়, শিক্ষক সংকট এবং পরিকাঠামোগত দুরবস্থার প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে ডিআই কার্যালয় অভিযান করল ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই)। এদিন এসএফআই দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা শেষ পর্যন্ত ডিআই কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে পরিণত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় নানান খাতে বেআইনিভাবে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। যার ফলে সাধারণ ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। অনেক স্কুলে একাধিক বিষয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ ওঠে।
এসএফআই-এর পক্ষ থেকে আরও দাবি তোলা হয়, সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে। বহু স্কুলে শ্রেণিকক্ষের অবস্থা শোচনীয়, পর্যাপ্ত বেঞ্চ-ডেস্ক, শৌচালয়, পানীয় জলের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে গুণগত শিক্ষা প্রদান সম্ভব নয় বলে জানান আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বাণিজ্যিকীকরণের দিকে এগোচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, “সরকারি শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে। অতিরিক্ত ফি আদায়, শিক্ষক সংকট এবং পরিকাঠামোর অভাব সব মিলিয়ে ছাত্রছাত্রীরা চরম সমস্যার মধ্যে রয়েছে। শিক্ষাকে পণ্যে পরিণত করার বিরুদ্ধে এবং সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতেই আমাদের এই আন্দোলন।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এসএফআই।
বিক্ষোভ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিআই কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।





