শিলিগুড়ি, ২০ মেঃ উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালীকরণ এবং সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
বৈঠকে জানানো হয়, আগামী জুন মাস থেকেই রাজ্যে চালু হতে পারে ‘জয় রামজি’ নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি প্রশাসনের। পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবায় বিশেষ সুবিধার কথাও ঘোষণা করা হয়। সূত্রের খবর, জুন মাস থেকেই মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিকল্পনা কার্যকর হতে পারে।
এদিন শিলিগুড়ি পুরনিগমকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগও উঠে আসে বৈঠকে। সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, পুরনিগমে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। খুব শীঘ্রই তদন্ত শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব পুরনিগম এলাকায় এখনও নির্বাচন হয়নি, সেখানে বর্ষার পর ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই সেই পরিকল্পনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের চা-বাগান এলাকাগুলির উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চা শিল্পকে আরও শক্তিশালী করা এবং শ্রমিক নির্ভর অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অন্যান্য রাজ্যের সফল মডেল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।
সাংসদ ও বিধায়ক জানান, উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠক আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে।





