মালদা, ৫ ডিসেম্বরঃ কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম-এর রাজ্যব্যাপী কর্মসূচি ‘বাংলা বাঁচাও যাত্রা’ শুক্রবার সপ্তম দিনে মালদা শহর অতিক্রম করে মানিকচকের ভূতনীর উদ্দেশ্যে রওনা দিল। সকাল ৯টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে যাত্রার দিনটির সূচনা হয়। যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম রাজ্যনেতা শতরূপ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৌশিক মিশ্র-সহ জেলা ও ব্লক স্তরের বেশ কয়েকজন নেতানেত্রী।
এদিনের কর্মসূচিতে শতাধিক বাইক নিয়ে সিপিআইএম কর্মী ও সমর্থকের উপস্থিতি নজর কাড়ে। শ্লোগান, ব্যানার এবং লাল পতাকার মিছিলে এলআইসি মোড় চত্বর রঙিন হয়ে ওঠে। সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যেও যাত্রা কেন্দ্র করে উৎসাহ লক্ষ করা যায়। নির্দিষ্ট সময় মতো নেতানেত্রীদের বক্তব্য শেষে শৃঙ্খলাবদ্ধ বাইকবাহিনী মানিকচকের উদ্দেশ্যে রওনা দেয়।
যাত্রা শুরু হওয়ার ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সাম্প্রতিক বাবরি মসজিদ পুনর্নির্মাণের শিলান্যাস ঘোষণাকে তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, ধর্মীয় মেরুকরণ ও জনমত প্রভাবিত করার উদ্দেশ্যেই এ ধরনের প্রচার করা হচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মানুষের প্রকৃত সমস্যা বেকারত্ব, দুর্নীতি, কৃষক সংকট ঢাকতে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে সামনে আনা হচ্ছে।
শতরূপ ঘোষও বিষয়টি নিয়ে সরব হন। তাঁর দাবি, ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোটের রাজনীতি চালানো হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, সিপিআইএম এই ধরণের বিভাজনমূলক রাজনীতির বিরোধিতা করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।
সপ্তম দিনের এই যাত্রা মূলত গ্রামীণ পরিবেশে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে। মালদা থেকে মানিকচক পর্যন্ত পথপরিক্রমায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসও নজর কাড়ে।





