কলকাতা, ১৬ জুনঃ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়। মঙ্গলবার তিনি শাহকে একটি চিঠি পাঠিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা, পার্টি অফিসে ভাঙচুর এবং তথাকথিত ‘ডিম-থেরাপি’র ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চিঠির শুরুতেই মাওবাদী দমন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান সৌগত রায়। এরপর তিনি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পাশাপাশি দলের জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের মতো ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন সৌগত রায়। তিনি দাবি করেছেন, একজন জনপ্রতিনিধির উপর প্রকাশ্যে এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে শুভ লক্ষণ নয় এবং তা নিয়ে প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
চিঠিতে সৌগত রায় লিখেছেন, “রাজ্যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। তাই আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।”
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার সময় কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনায় মাথায় আঘাত পান তিনি। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কালীঘাট থানার পুলিশ মূল অভিযুক্ত চন্দন সিং এবং রবি কয়াল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ এবং বিরোধী দলগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।





