দমদম, ৫ আগস্টঃ পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ার ‘মাশুল’! প্রোমোটারের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বন্দুকের বাট দিয়ে আঘাতে মাথা ফেটে যায় ওই প্রোমোটারের। অভিযোগ, হামলার পাশাপাশি তাঁর মোবাইল ফোন, সোনার চেন ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দমদমের পি কে গুহ রোড এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রোমোটার অমরনাথ সিংয়ের কাছে গত কয়েক দিন ধরে ফোন করে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করা হচ্ছিল। তিনি সেই দাবি মানতে অস্বীকার করেন। অভিযোগ, সোমবার রাতে ৪ থেকে ৫ জন দুষ্কৃতী জোর করে তাঁর অফিসে ঢুকে তাণ্ডব চালায়। তোলা না দেওয়ার ‘শাস্তি’ হিসেবে বন্দুকের বাট দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে। হামলায় গুরুতর জখম হন অমরনাথ। যাওয়ার আগে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বিশ্বজিৎ রায় ওরফে ‘টিকটিকি রাজু’-কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার পর কড়া বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি জানান, রাজ্য সরকার তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। অভিযোগ পাওয়ার পরই তিনি থানার আইসিকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর কথায়, “দল বা রাজনৈতিক পরিচয় নয়, যে-ই দোষী হোক, কঠোর শাস্তি পেতেই হবে। এলাকায় কোনওভাবেই ভয়ভীতির পরিবেশ তৈরি হতে দেওয়া হবে না।”
এই ঘটনার পর ফের উঠে এসেছে তোলাবাজি ও সিন্ডিকেট চক্রের প্রসঙ্গ। প্রশাসনের দাবি, আইন হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ কাউকে দেওয়া হবে না। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে, হামলার নেপথ্যে আর কারা জড়িত এবং তোলাবাজির চক্র কতটা বিস্তৃত।





