শিলিগুড়ি, ৮ মার্চঃ আন্তর্জাতিক নারী শক্তির প্রতি সম্মান জানাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার শিলিগুড়িতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল FAM কমিউনিটির। শহরের প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্ক শিলিগুড়ি-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত প্রায় ১০ থেকে ১২ জন মহিলা সাংবাদিককে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলার একাধিক সদস্য ও কর্মকর্তারা। ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক তুলে দিয়ে মহিলা সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। উপস্থিত অতিথিরা সাংবাদিকদের সমাজের প্রতি গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং তাঁদের পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন।
সংগঠনের সদস্যরা জানান, সংবাদমাধ্যম সমাজের দর্পণ। প্রতিদিন নানান সামাজিক, প্রশাসনিক ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলা সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের কাজ করে চলেছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
এই প্রসঙ্গে কুশল মহন্ত, FAM কমিউনিটির দার্জিলিং জেলার সহ-সভাপতি বলেন, আন্তর্জাতিক মহিলা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা মহিলা সাংবাদিকদের সম্মান জানাতে পেরে তাঁরা গর্বিত। তাঁর মতে, সমাজের উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে মহিলা সাংবাদিকরা যে সাহস ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও জানান, আগামী দিনেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে মহিলা সাংবাদিকদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্থতা কামনা করেন। এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে নারী শক্তির প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয় বলে মত প্রকাশ করেন আয়োজকেরা।





