শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা। এদিন ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় প্রচারে নামেন তিনি। দিনের শুরুতেই স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন প্রার্থী।
এরপর ঢাক-ঢোল বাজিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।
প্রচার চলাকালীন রঞ্জন শীল শর্মা বলেন, ডাবগ্রাম-ফুলবাড়ীর উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা জরুরি। তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত যে উন্নয়নের ধারা বজায় ছিল, বর্তমানে তা কিছুটা থমকে গিয়েছে। সেই উন্নয়নকে ফের গতিশীল করতে এবার মানুষ ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দেবেন বলেও আশাবাদী তিনি। সব মিলিয়ে, নির্বাচনের আগে ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রের প্রচারে নতুন গতি এনেছেন তৃণমূল প্রার্থী।





