খবরিয়া ২৪ ডেস্ক, ৬ জানুয়ারিঃ রেলের যাত্রী পরিষেবা নিয়েও এবার অস্বস্তিতে গেরুয়া শিবির। ট্রেনের এসি কোচ থেকে চাদর চুরির অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বিরুদ্ধে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন হুগলি জেলার বিজেপির লিগ্যাল সেলের নেতা ও পেশায় আইনজীবী মৃন্ময় মজুমদার। তিনি চুঁচুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সিউড়ি যাওয়ার সময় ট্রেনের এসি কোচে যাত্রা করছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোচের দায়িত্বে থাকা এক অ্যাটেনডেন্ট তাঁকে উদ্দেশ করে বলছেন, “আপনি টিকিট কেটেছেন মানে এই নয় যে চাদর ব্যাগে ভরে নিতে পারেন।” ওই কথার উত্তরে অভিযুক্ত বিজেপি নেতাকে বারবার “সরি, সরি” বলতে শোনা যাচ্ছে। ভিডিওতে যাত্রীদের মধ্যেও বিস্ময়ের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তৃণমূলের কটাক্ষ, “একদিকে মোদী আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি এটাই বিজেপির আসল চরিত্র।” তৃণমূল আরও লিখেছে, “বিজেপির তথাকথিত সংস্কার ট্রেনের কামরায় চাপা পড়ে গেল। মানুষকে পরিষেবা দেওয়া তো দূরের কথা, ট্রেনের চাদর চুরি করতে দেখা গেল বিজেপির লিগ্যাল সেলের নেতাকে।”
শাসক দলের আরও দাবি, “যারা চোর-মুক্ত ভারতের কথা বলে, তারাই আজ চুরি করতে ধরা পড়ছে। মিথ্যে কথা, ঔদ্ধত্য আর চুরিতেই ভেসে যাচ্ছে বিজেপি।”
রাজনৈতিক মহলে আলোচনার বিষয়, মৃন্ময় মজুমদারকে প্রায়শই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর একাধিক ছবি সমাজ মাধ্যমে রয়েছে। ফলে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।
যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভাইরাল ভিডিও ঘিরে চাদর চুরি বিতর্ক যে রাজনৈতিক তরজা আরও উসকে দিল, তা বলাই বাহুল্য।





