শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ কখনও নিজেকে সরকারি আধিকারিক, কখনও আবার তদন্তকারী সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রবেশের চেষ্টা। এ বার এমনই এক অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মাটিগাড়ায়। ভুয়ো অফিসার পরিচয়ে ওয়েভেল আইটি পার্কে ঢুকে তল্লাশি চালানোর চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম শেখর সাহা। তাঁর কাছ থেকে ‘অ্যান্টি ক্রাইম ব্যুরো অব ইন্ডিয়া’ (ACBI) লেখা একটি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। ওয়েভেল আইটি পার্কে এসে এক ব্যক্তি নিজেকে ACBI-এর আধিকারিক বলে পরিচয় দেন। শুধু তাই নয়, আইটি পার্কে রেড করতে এসেছেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি শুনে স্বাভাবিক ভাবেই সতর্ক হয়ে যান পার্কের নিরাপত্তাকর্মী ও ম্যানেজমেন্টের আধিকারিকেরা। ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলে তিনি একটি পরিচয়পত্র দেখান। কিন্তু সেটি পরীক্ষা করার পর তাঁর পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
সন্দেহের ভিত্তিতে তাঁকে আইটি পার্কের বিভিন্ন সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়। গোটা ঘটনার কথা জানিয়ে ওয়েভেল আইটি পার্ক ম্যানেজমেন্টের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজ। শেষ পর্যন্ত অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই মাটিগাড়ার লেক্সিকন মল এলাকা থেকে শেখর সাহাকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ACBI এবং ‘অ্যান্টি ক্রাইম ব্যুরো অব ইন্ডিয়া’ লেখা একটি আই-কার্ড।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মূলত আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। বর্তমানে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় থাকতেন তিনি। শুক্রবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
তবে এই পরিচয়পত্র ব্যবহার করে তিনি শুধুমাত্র ওয়েভেল আইটি পার্কেই প্রবেশের চেষ্টা করেছিলেন, নাকি এর আগেও অন্য কোথাও একই কায়দায় গিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এই পরিচয়ের আড়ালে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, কিংবা ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, সেই প্রশ্নও তদন্তকারীদের নজরে রয়েছে। উদ্ধার হওয়া পরিচয়পত্রের সত্যতা এবং অভিযুক্তের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।





