আলিপুরদুয়ার, ৫ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ার জেলার ২ নম্বর ব্লকের টটপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। অভিযোগ, প্রকাশ্য দিবালোকে পঞ্চায়েত দপ্তর থেকে টোটো ভরে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে চলে যান স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা সদস্য।
ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ টোটো ভর্তি করে ফাইল নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী এক বৃদ্ধ জানান, তিনি নিজের চোখে এই ঘটনা দেখেছেন। খবর ছড়িয়ে পড়তেই সকাল দশটা নাগাদ বিজেপি কর্মী-সমর্থকরা পঞ্চায়েত দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং শামুকতলা থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত দিপালী দাসের বাড়িতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ পঞ্চায়েতের ফাইল। যদিও দিপালী দাস দাবি করেছেন, “অডিটের কাজ চলছিল, সেই কারণেই ফাইলগুলি বাড়িতে আনা হয়েছিল।” পাশাপাশি তিনি জানান, স্বনির্ভর গোষ্ঠীর বৈঠকের জন্যও কিছু নথি প্রয়োজন ছিল।ঘটনায় আরও এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রাখি রায়ের নাম জড়িয়েছে।
বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দিপালী দাস ও রাখি রায়কে তাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি গোপন করার চেষ্টা করা হয়েছে। যদিও স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।





