কলকাতা, ১০ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কের মাঝেই ধর্মতলার ধর্নামঞ্চে অভিনব প্রতিবাদে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ক্যানভাসে তুলির আঁচড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ছবিতে বড় বড় অক্ষরে লিখলেন ‘ভ্যানিশ কুমার’।
ঠিক পাঁচ বছর আগের স্মৃতিই যেন ফিরে এল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে হুইলচেয়ারে বসে ছবি এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর নির্বাচনের আগেও সেই একই দৃশ্য দেখা গেল ধর্মতলার ধর্নামঞ্চে।
মঙ্গলবার মঞ্চে বসেই ক্যানভাসে ছবি আঁকেন মুখ্যমন্ত্রী। ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এই ছবিটা প্রতীকী। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের ‘মৃত্যু’ হয়েছে, অর্থাৎ যাঁদের নাম ভোটার তালিকা থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, তাঁদের স্মরণে দু’টি মালা রাখা হয়েছে। এটি তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার এক সভা থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে সম্বোধন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নামকেই এবার শিল্পের মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করলেন তিনি।
ধর্নার চতুর্থ দিনে কমিশনারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বেচারা ভ্যানিশ কুমার! ওঁর জন্য আমার খারাপ লাগে। আমি চেয়ারকে অপমান করছি না, কিন্তু এখানে স্ট্রং ভ্যানিশিং পাউডার ব্যবহার করা হচ্ছে।” একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তবে এই নামকরণ নিয়ে রসিকতাও শোনা গেছে নির্বাচন কমিশনের তরফে। সোমবার কলকাতায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকে উপস্থিত আধিকারিকদের সামনে নিজেই হাসতে হাসতে বলেন জ্ঞানেশ কুমার যে সংবাদমাধ্যমে তাঁকে ‘ভ্যানিশ কুমার’ বলা হচ্ছে। তাঁর এই মন্তব্যে বৈঠকে উপস্থিত আধিকারিকদের মধ্যেও হাসির রোল ওঠে।





