বানারহাট, ২৩ মার্চ : ভোটের আগেই নুনাই নদীতে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দাবি না মানা হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ঘটনাটি বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে ওঠে নুনাই নদী।সেই সময় নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদি পশু ভেসে যায়।এখনও নদী ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে দ্রুত নুনাই নদীতে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভে নামেন গ্রামবাসীরা।
তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি ভোটের আগে যদি বাঁধ নির্মাণের কাজ শুরু না হয়, তাহলে তারা ভোট বয়কট করবেন। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও একাধিক জনপ্রতিনিধি এলাকা পরিদর্শন করলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতি বর্ষায় একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
স্থানীয়দের বক্তব্য, ভোটের সময় নেতারা একাধিক প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে তার কোনও রূপায়ণ হয় না। তাই এবার কাজ না হলে ভোট নয় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।





