কোচবিহার, ৫ জুনঃ জব কার্ড সংক্রান্ত বিভিন্ন অভিযোগকে সামনে রেখে শুক্রবার কোচবিহার-১ ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন একাধিক গ্রামবাসী। মূলত নাটাবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দারা এদিন বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে তাঁদের দাবি ও ক্ষোভের কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ব্যবস্থার সময় বিজেপি কর্মী হিসেবে পরিচিত বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর ফলে তাঁরা দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের সুযোগ ও বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন বলে দাবি করেন।
এদিন বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান, বাতিল হওয়া নাম পুনরায় তালিকাভুক্ত করা এবং যোগ্য ব্যক্তিদের জব কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।





