খবরিয়া ২৪ ডেস্ক, ৩ জানুয়ারিঃ জানুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গে জোড়া কর্মসূচি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দু’টি জায়গায় পৃথক দু’টি জনসভা করবেন তিনি। চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় বছরের শুরু থেকেই রাজনীতির উত্তাপ বাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন রাজ্যজুড়ে প্রচারের গতি বাড়িয়েছে, তেমনই বিজেপিও কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে এনে লড়াইয়ে ঝাঁপাতে চাইছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি জনসভা করার পরিকল্পনা রয়েছে। ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের মালদহে এবং ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গের হাওড়ায় কর্মসূচি হতে পারে। বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এখনও পর্যন্ত সভাস্থল ও প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। মালদহ ও হাওড়া জেলা বিজেপি নেতৃত্বও এই বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেনি।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক সফরের মাধ্যমে রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতেই এই কর্মসূচির পরিকল্পনা। বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করাই এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য,এর আগে গত ২০ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা ছিল। মতুয়া গড় হিসেবে পরিচিত তাহেরপুরে ওই সভা ঘিরে ব্যাপক রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছিল। কারণ, এসআইআর-এর প্রাথমিক খসড়ায় বহু মতুয়ার নাম বাদ পড়ার পর মোদীর বক্তব্যে কী বার্তা থাকবে, সেদিকেই নজর ছিল সকলের। তবে সেদিন কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার কৃষ্ণনগরে নামতে না পারায়, তিনি দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়ালি ভাষণ দেন।
এবার জানুয়ারিতে সরাসরি জনসভা হলে,বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে যে উত্তাপ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।





