খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেরুয়ারিঃ মালদার চাঁচলে গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বনকর্তা দুলাল সরকার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর সম্প্রতি কড়া ব্যবস্থা নেয়। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এক মিল মালিক মনিরুল ও তাঁর ছেলে। অভিযোগ, তাঁরা কয়েকজনকে সঙ্গে নিয়ে চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হন। অফিস চলাকালীন সময়েই রেঞ্জ অফিসার দুলাল সরকারের উপর হামলা চালানো হয় বলে দাবি সহকর্মীদের।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অফিসের ভিতরেই বেধড়ক মারধর করা হয় বনকর্তাকে। হামলায় তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরিস্থিতি গুরুতর দেখে সহকর্মীরাই তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গভীর চোট রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর বনদপ্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের বক্তব্য, অবৈধ গাছ কাটা ও চোরাচালান রুখতে গিয়ে যদি এভাবে হামলার শিকার হতে হয়, তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে মিল মালিক ও অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সরকারি দপ্তরে ঢুকে হামলার ঘটনায় প্রশাসনও নড়েচড়ে বসেছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





