শিলিগুড়ি, ১৬ মেঃ বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেগুলেটেড মার্কেট এলাকায় অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ। সেখান থেকেই অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিজয় পাসোয়ান (৩২), রঞ্জিত গুপ্তা (২৯), রোহিত দাস (২২), দীপঙ্কর সরকার (২৮) এবং বিক্রম শিকদার (৩৫)। সকলেই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
তদন্তকারী অফিসারদের দাবি, দীর্ঘদিন ধরেই রেগুলেটেড মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তিরা। এলাকায় রাতে বিভিন্ন সময় জটলা করতে দেখা যেত তাদের। গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই নজরদারি শুরু করে প্রধাননগর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের অধিকাংশই মাদকাসক্ত। পুলিশের অনুমান, কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা গুদামঘরে ডাকাতির পরিকল্পনা করছিল তারা। তবে ঠিক কোথায় এবং কীভাবে এই ডাকাতির ছক কষা হচ্ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার পাঁচ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। ধৃতদের অতীত অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না এবং এর পিছনে আরও বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
শহরে অপরাধমূলক কার্যকলাপ রুখতে পুলিশের এই অভিযানে স্বস্তি ফিরেছে রেগুলেটেড মার্কেট এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।





