শিলিগুড়ি, ১৬ মেঃ ভোট পর্ব শেষ হতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শহরে বেআইনি অস্ত্র এবং অসামাজিক কার্যকলাপ রুখতে একের পর এক অভিযান চালাচ্ছে বিভিন্ন থানার পুলিশ। সেই অভিযানে ফের সাফল্য পেল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গভীর রাতে দেশি পিস্তল ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ভক্তিনগর থানার অন্তর্গত ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দীপঙ্কর রায় নামে এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।
অভিযানের সময় ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও দীপঙ্কর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। পূর্বে তাকে গ্রেফতারও করা হয়েছিল বলে দাবি পুলিশের। তবে জামিনে মুক্তি পাওয়ার পর ফের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে সে।
তদন্তকারী অফিসারদের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে। ধৃত ওই যুবক অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল নাকি অন্য কোনও অসৎ উদ্দেশ্যে এলাকায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তাও তদন্ত করছে পুলিশ।
শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। শহরে বেআইনি অস্ত্রের কারবার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।





