শিলিগুড়ি, ১৮ মার্চঃ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার দুপুর প্রায় দু’টা নাগাদ ছোবা ভিটা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজিব দত্ত ও সনৎ বর্মন নামে দুই যুবক বিক্রির উদ্দেশ্যে একটি ওয়ান শাটার নিয়ে এলাকায় দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়। তদন্তে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি পশ্চিম ধানতলা এলাকায়। এছাড়াও সনৎ বর্মনের বিরুদ্ধে আগেও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





