শিলিগুড়ি, ২৫ মেঃ শিলিগুড়িতে অসাধু কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়ল পুলিশ। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক। রবিবার রাতে এনজেপি থানার অন্তর্গত আইওসি সংলগ্ন বিপিসিএল রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ এনজেপি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে ১০ থেকে ১২ জনের একটি দল অসাধু কার্যকলাপে জড়িত ছিল। পুলিশ পৌঁছতেই কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সময় অভিযুক্তরা কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে বলে অভিযোগ।
অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে থাকা গোবিন্দ রায় নামে এক যুবক আচমকাই এএসআই মুন্না আহমেদ-এর উপর বোতল দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন ওই পুলিশ আধিকারিক এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে গোবিন্দ রায়কে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি জলপাইগুড়ির প্লেন ঘাঁটি এলাকায় বলে জানা গিয়েছে। পাশাপাশি আশিস শাহ, অমিত রায়, বাবু রায় এবং বাসুদেব সরকার নামে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি মাদানি বাজার, হাকিমপাড়া ও ভক্তিনগর পাইপলাইন এলাকায়। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছিলেন, পুলিশের উপর কোনও ধরনের হেনস্থা বরদাস্ত করা হবে না। তার মধ্যেই ফের পুলিশের উপর হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।





