মাথাভাঙ্গা, ৫ মেঃ গ্রাম পঞ্চায়েতকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর ঘটনায় উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গায়। মঙ্গলবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল গেটে তালা ঝোলান বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
বিজেপির দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ছাপ্পা ভোট ও রিগিংয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
এই বিষয়ে বিজেপির ৪ নম্বর মণ্ডলের সম্পাদক স্বাগতম সরকার বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে ছাপ্পা ও রিগিং হয়েছে, তা সকলেই জানেন। শাসক দল জোর করে বিজেপির জেতা পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিস এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। তাই স্বচ্ছ প্রশাসনের দাবিতে আমরা তালা ঝোলাতে বাধ্য হয়েছি।”
তিনি আরও জানান, বর্তমান পঞ্চায়েত প্রধানকে তাঁরা মানেন না এবং “ছাপ্পা-ধাপ্পার মাধ্যমে গঠিত বোর্ডের বিরুদ্ধে” প্রতিবাদ চালিয়ে যাবেন। আগামী দিনে উচ্চতর নেতৃত্বের নির্দেশ অনুযায়ী স্বচ্ছভাবে অঞ্চল পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।
তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন জায়গায় পঞ্চায়েত স্তরে এই ধরনের উত্তেজনা বাড়তে পারে। ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





