দিনহাটা, ১৩ মেঃ সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনহাটার নেলপুরঘাট এলাকায়। ধৃতের নাম রঞ্জিত দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ অস্ত্র মজুত থাকার গোপন খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ এলাকায় বিশেষ চেকিং অভিযান চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রঞ্জিত দাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ৭ এমএম পিস্তল এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে চেষ্টা করছে কোথা থেকে ওই অস্ত্র সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





