শিলিগুড়ি, ১৪ মেঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লীর বহুল চর্চিত চুরির ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। দীর্ঘ তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর গতকাল রাতে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় আশিঘর ফাঁড়ির পুলিশ।
ধৃতের নাম মধু কুমের, তার বাড়ি উত্তর একটিয়াশাল এলাকায় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত রবিবার বাড়ির মালিক সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান, আলমারিতে রাখা লক্ষাধিক টাকা ও সোনার গয়না উধাও।
অভিযোগ, প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা নগদ, বেশ কিছু সোনার অলংকার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে খবর। এরপর অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
এদিকে, এলাকায় এর আগেও একই ধরনের চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দুষ্কৃতীরা কীভাবে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।





