শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ মঙ্গলবার সকাল থেকেই মাটিগাড়ার পতিরাম জোত এলাকায় উত্তেজনা ছড়াল বেহাল রাস্তার প্রতিবাদে। বহুদিন ধরে রাস্তাঘাটের করুণ অবস্থার জেরে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে একাধিকবার সমস্যার কথা জানানো হলেও সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে ক্ষোভ ফেটে পড়ে রাস্তায়।
সকাল ৭টা নাগাদ থেকেই টায়ার জ্বালিয়ে এবং ব্যানার–প্ল্যাকার্ড হাতে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। “ভোট নয়, আগে রাস্তা”, “রাস্তা চাই, এখনই চাই” -এই সব স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চলায় এশিয়ান হাইওয়ে–সংলগ্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়, আটকে পড়ে স্কুলবাস ও অফিসগামী গাড়িও।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার গর্ত ও কাদা জল প্রায় দুর্ঘটনা ডেকে আনছে প্রতিদিন। জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলতেও সমস্যা হয়। শুকনো দিনে ধুলোয় স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে বলেও দাবি ক্ষুব্ধ বাসিন্দাদের। তাঁদের কথায়, “একা চলাফেরা করা যায় না। বৃষ্টিতে হাঁটা অসম্ভব, গাড়ি চললে ধুলো উড়ে চোখে-মুখে যায়। কতবার জানিয়েছি, কিন্তু কাজ শুরু হয় না।”
অবশেষে প্রশাসনের প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে স্থানীয়দের হুঁশিয়ারি সমস্যার দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
নির্বাচনের মুখে এই প্রতিবাদ প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে বলেই মনে করছে এলাকাবাসীর একাংশ। মাটিগাড়ায় রাস্তা সংস্কারের দাবি এবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।





