শীতলকুচি, ৯মেঃ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, শীতলকুচিজুড়ে উৎসবের আবহ
স্ক্রিনে সরাসরি সম্প্রচার থেকে আবির খেলা — উচ্ছ্বাসে মাতলো বিজেপি কর্মী-সমর্থকরাব্রিগেড ময়দানে বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শীতলকুচি ব্লকেও দেখা গেল উৎসবের আবহ।
শনিবার সকাল থেকেই শীতলকুচির একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। কোথাও বড় স্ক্রিন লাগিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়, আবার কোথাও আবির খেলায় মেতে ওঠেন সমর্থকরা।শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্স, গোঁসাইরহাট রামকৃষ্ণ সংঘ, আকরাহাট বাজার, ভাঐরথানা, খলিসামারি সহ বিভিন্ন এলাকায় বিশেষ আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে।
সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন। দলীয় পতাকা, ব্যানার এবং মাইকিংয়ের মধ্য দিয়ে গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠান চলাকালীন কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। শপথ গ্রহণের মুহূর্ত স্ক্রিনে ভেসে উঠতেই আবির খেলায় মেতে ওঠেন অনেকে। পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় উপস্থিতদের।
কোথাও আবার ঢাক-ঢোলের তালে উদযাপন করতেও দেখা যায় বিজেপি সমর্থকদের।বিজেপি নেতৃত্বদের বক্তব্য, “এটা শুধু রাজনৈতিক পরিবর্তনের মুহূর্ত নয়, বাংলার মানুষের নতুন আশার সূচনা। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, তাই এই উচ্ছ্বাস মানুষের উচ্ছ্বাস।”তাদের আরও দাবি, আগামী দিনে উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে নতুন সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।
সব মিলিয়ে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে শীতলকুচির বিভিন্ন এলাকায় দিনভর ছিল উৎসবের আবহ ও রাজনৈতিক উন্মাদনা।





