জলপাইগুড়ি, ১ মার্চঃ গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণ শালবাড়ি এলাকায় নির্মিত হয়েছিল একটি সেতু। তবে অভিযোগ, নির্মাণের প্রায় পাঁচ বছর কেটে গেলেও সেতুর দু’ধারে মাটি না ফেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষও স্কুল ছাত্রীদের। এই ঘটনা বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকার।
যা শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত-এর অন্তর্গত। স্থানীয়দের অভিযোগ। প্রতিদিন শত শত গ্রামবাসী ও স্কুল ছাত্র-ছাত্রী এই সেতু ব্যবহার করেন। সেতুর দু’ধারে মাটি না থাকায় বাসে পা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওঠানামা করতে হচ্ছে। অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি গ্রামবাসীদের।
এ বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি। প্রশাসনিক গাফিলতির কারণেই সমস্যার সমাধান হচ্ছে না। যদিও এ বিষয়ে শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় জানান সেতুর দু’ধারে মাটি ফেলার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। তবে ১০০ দিনের কাজ কেন্দ্রের তরফ থেকে বন্ধ থাকায় ছোট-বড় বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য। প্রশাসনের সদিচ্ছা থাকলে কাজ অনেক আগেই সম্পন্ন করা যেত।





