খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জানুয়ারিঃ রাজ্যের শিক্ষা দপ্তরের মুকুটে যুক্ত হল আরও এক গর্বের পালক। ই-লার্নিং ও ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় স্তরে পুরস্কৃত হল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’। বুধবার নিজের এক্স(পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘গভর্ন্যান্স নাও’-এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সম্মান পায় পশ্চিমবঙ্গ। ‘এক্সিলেন্স ইন ই-লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম’ বিভাগে এই পুরস্কার জিতেছে ‘বাংলার শিক্ষা ৩.০’ পোর্টাল। শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে পড়াশোনাকে আরও সহজলভ্য করে তোলার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির খবরে মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নতুন করে সাজানো পোর্টাল ‘বাংলার শিক্ষা ৩.০’ গভর্ন্যান্স নাও-এর ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছে।” তিনি শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সুবিধার্থে এই পোর্টালটিকে আধুনিক প্রযুক্তিতে নতুন করে সাজানো হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন, পড়াশোনার বিভিন্ন তথ্য, মূল্যায়ন সংক্রান্ত পরিষেবা থেকে শুরু করে একাধিক শিক্ষা সহায়ক উপকরণ এক ছাতার নিচে পাওয়া যায় এই পোর্টালে। কোভিড পরবর্তী সময়ে যখন ডিজিটাল শিক্ষার গুরুত্ব বেড়েছে, তখন ‘বাংলার শিক্ষা ৩.০’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত শিক্ষা মহলের।
জাতীয় স্তরে এই স্বীকৃতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির দৃষ্টান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকার যে প্রযুক্তি-নির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার দিকে এগোচ্ছে, এই পুরস্কার তারই প্রমাণ। ভবিষ্যতে আরও আধুনিক ও কার্যকর ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাংলার শিক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।





