নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদ চত্বরে উন্নয়ন, উদ্ভাবন এবং রাজনৈতিক কটাক্ষ তিনের মিশেল শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে। দেশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি বিরোধীদের উদ্দেশে তথ্যভিত্তিক আলোচনার আহ্বান জানান তিনি। তবে স্কাইরুট অ্যারোস্পেসের সাফল্যের প্রসঙ্গ টানতে গিয়ে তাঁর ‘৫৬ বছরের কোনও যুবকের কথা বলছি না’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।
সোমবার অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষা যেমন দেশের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তেমনই সংসদের অধিবেশন গণতন্ত্রের জন্য অপরিহার্য। তাঁর কথায়, সংসদে হইচই নয়, তথ্য ও যুক্তির ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ‘‘যেখানে তথ্য ও যুক্তি রয়েছে, সেখানে ঝড় তোলার প্রয়োজন হয় না,’’ মন্তব্য করেন তিনি।
এরপরই দেশের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, গত এক মাসে একাধিক ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। বিশেষ করে ভারতের প্রথম বেসরকারি মহাকাশ সংস্থা হিসেবে সফল রকেট উৎক্ষেপণকারী স্কাইরুট অ্যারোস্পেসের ভূয়সী প্রশংসা করেন তিনি।
মোদির বক্তব্য, সংস্থার কর্মীদের গড় বয়স মাত্র ২৮ বছর। এত অল্প বয়সে তাঁরা দেশের জন্য ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন। তারপরই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি কিন্তু ৫৬ বছরের কোনও যুবকের কথা বলছি না।’’ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্তব্যটি ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই। সম্প্রতি ৫৬ বছরে পা দিয়েছেন কংগ্রেস নেতা।
তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের যুবসমাজের সম্ভাবনা সীমাহীন। প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের হাত ধরেই আগামী দিনে দেশ আরও এগিয়ে যাবে।
সোমবার শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে আগামী ১৩ অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধনী, উচ্চশিক্ষা, বিচারব্যবস্থা সংস্কার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে আনার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র সরকার।





