শিলিগুড়ি, ১২ মার্চঃ এসআইআর তালিকা ঘিরে বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে শিলিগুড়ির এসডিও অফিসে স্মারকলিপি জমা দিলেন বিধায়ক শংকর ঘোষ। বৃহস্পতিবার এসডিও অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক তথা সিইও-র কাছে এই স্মারকলিপি প্রদান করেন তিনি। সাধারণ মানুষের স্বার্থে দ্রুত সমস্যার সমাধানের দাবিতেই এই পদক্ষেপ বলে জানান বিধায়ক।
স্মারকলিপিতে একাধিক দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, যাদের নাম এসআইআর তালিকা থেকে ডিলিটেড হয়েছে তাদের অনেকেই ইতিমধ্যে অনলাইন ও অফলাইনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু অফলাইনে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে বহু মানুষকে জেলা শাসকের দপ্তরে, অর্থাৎ দার্জিলিং যেতে বলা হচ্ছে। বিধায়কের বক্তব্য, এই ব্যবস্থা যদি বিধানসভা কেন্দ্রভিত্তিক করা হয়, তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। কারণ প্রত্যেকের পক্ষে দার্জিলিং গিয়ে ফর্ম জমা দেওয়া সম্ভব নয়।
দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, যাদের নাম ডিলিটেড তালিকায় রয়েছে তাদের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো প্রয়োজন। অনেকেই এখনও নতুন করে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেননি। তাই তাদের সুযোগ দিতে নির্দিষ্ট সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যাদের নাম Adjudication তালিকায় রয়েছে তা বর্তমানে শুধুমাত্র অনলাইনে দেখা যাচ্ছে। কিন্তু অনেক মানুষ এখনও অনলাইন ব্যবস্থার সঙ্গে পরিচিত নন। ফলে তারা নিজেদের নাম বা অবস্থা যাচাই করতে সমস্যায় পড়ছেন। এই কারণে তালিকাটি যাতে এসডিও অফিস বা অন্যান্য সরকারি দপ্তরে অফলাইনে দেখার সুযোগ থাকে, সেই দাবিও জানানো হয়েছে।
এছাড়াও অভিযোগ তোলা হয়, অনেক ক্ষেত্রে অফলাইনে ফর্ম নিতে গিয়ে মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। কিছু সরকারি কর্মচারীর গাফিলতির কারণেই অনেকের নাম ডিলিটেড তালিকায় চলে গেছে বা অ্যাডজুডিকেশন তালিকায় আটকে রয়েছে বলেও দাবি করা হয়।
উদাহরণ হিসেবে ভারতের গর্ব ও শহরের মেয়ে ক্রিকেটার রিচা ঘোষ-এর নামও উল্লেখ করা হয়। সব মিলিয়ে সাধারণ মানুষের স্বার্থে এসআইআর তালিকা সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানিয়ে এসডিও অফিসে সিইও-র কাছে স্মারকলিপি জমা দেন বিধায়ক শংকর ঘোষ।





