দিনহাটা, ২৫ মেঃ দিনহাটার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়-কে ঘিরে উৎসবের আবহ দেখা গেল চৌধুরীহাটে। সোমবার দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট এলাকায় পৌঁছন তিনি ও তাঁর স্ত্রী। সেখানে একাধিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
প্রথমে চৌধুরীহাট আপ্পু সংঘের পক্ষ থেকে বিধায়ককে ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। এরপর তিনি যান চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম-এ। আশ্রমের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
জানা গিয়েছে, এদিন আশ্রমে থাকা ছাত্রদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন বিধায়ক। খাবারের মেনুতে ছিল মাছ, মাংস, আলু-পটলের ডালনা, ডাল, স্যালাড-সহ একাধিক পদ। আশ্রমের ছাত্রদের সঙ্গে সস্ত্রীক মধ্যাহ্নভোজও সারেন অজয় রায়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্বাচনী প্রচারের সময়কার একটি ঘটনার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে চৌধুরীহাটে প্রচারে এসে আশ্রমে যাওয়ার ইচ্ছা থাকলেও তিনি আসেননি। কারণ, তাঁর আশঙ্কা ছিল তিনি আশ্রমে গেলে তৃণমূলের পক্ষ থেকে আশ্রমের কোনও ক্ষতি করা হতে পারে। সেই কারণেই তখন আর আসা হয়নি বলে দাবি করেন তিনি।
অজয় রায় আরও জানান, এদিন আশ্রমের মহারাজের সঙ্গে আশ্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আশ্রমের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দজী বলেন, অতীতে আশ্রমের উন্নয়ন নিয়ে অনেক প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা পূরণ হয়নি। তবে নতুন বিধায়কের উদ্যোগে আশ্রমের উন্নয়ন হবে বলেই তিনি আশাবাদী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।





